প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৭:০৫ পিএম

সংগৃহীত ছবি
ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রাশিয়ার হয়ে লড়াই করছেন এমন দাবি করে এক বাংলাদেশি তরুণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ধ্বংসস্তূপের মাঝে অস্ত্র হাতে যুদ্ধের পোশাকে দাঁড়িয়ে থাকা ওই যুবকের নাম নিরব।
ভিডিওতে ক্লান্ত মুখে নিরবকে তার অনুসারীদের উদ্দেশে কথা বলতে শোনা যায়। তিনি রাশিয়ান প্রযুক্তির অস্ত্রের কার্যকারিতা ব্যাখ্যা করেন এবং জানান, কীভাবে তারা শত্রুপক্ষকে বিভ্রান্ত করে আকাশ ও মাটির নিচ থেকে আঘাত হানেন। নিরবের দাবি, তিনি যুদ্ধক্ষেত্র থেকেই নিয়মিতভাবে তার ভক্তদের উদ্দেশে বার্তা পাঠাচ্ছেন।
ভিডিওটি ভাইরাল হতেই নেট দুনিয়ায় শুরু হয় তুমুল আলোচনা। একজন বাংলাদেশি কেন রাশিয়ার পক্ষে যুদ্ধ করছেন তা নিয়ে কেউ বিস্ময় প্রকাশ করেছেন, কেউবা গর্ব অনুভব করেছেন, আবার অনেকে সংশয়ও প্রকাশ করেছেন। যুদ্ধক্ষেত্র থেকে দাবি তোলা নতুন কিছু নয়, তবে এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বাংলাদেশ।
নিরবের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ঘেঁটে জানা গেছে, তিনি চট্টগ্রামের বাসিন্দা। পড়াশোনা করেছেন ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০৮ সালের ব্যাচের ছাত্র ছিলেন তিনি।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার পক্ষে যুদ্ধরত বিদেশি যোদ্ধাদের নিয়ে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অভিযোগ রয়েছে, সৈন্য সংকটে পড়া রাশিয়া এশিয়া ও আফ্রিকার দেশগুলো থেকে তরুণদের আকৃষ্ট করছে উচ্চ বেতন, নাগরিকত্ব এবং ইউরোপে চাকরির আশ্বাসের প্রলোভন দেখিয়ে।
বাংলাদেশ থেকেও এমন কয়েকটি ঘটনার খবর এসেছে। অনেক যুবক চাকরির আশায় রাশিয়ায় গিয়ে পরে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন, কেউ কেউ এখনো নিখোঁজ। এই প্রেক্ষাপটে নিরবের ভিডিও যেন আরও বিতর্কের জন্ম দিয়েছে।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো ভিডিওটির অবস্থান ও নিরবের দাবির সত্যতা এখনো নিশ্চিতভাবে যাচাই করা যায়নি। আরটিভি ভিডিওটির উৎস বা সময় নিশ্চিত করেনি। কোনো সরকারি সংস্থাও আনুষ্ঠানিকভাবে বলেনি যে সোহেল সরদার নিরব সত্যিই রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন। তবুও তার নাম ছড়িয়ে পড়েছে অসংখ্য পোস্ট ও মন্তব্যে, আর অনলাইন জগতে তোলপাড় অব্যাহত রয়েছে।