প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১০:৫৯ পিএম

নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়লেন স্বর্ণা আক্তার। বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন এই তরুণ ব্যাটার। দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে মাত্র ৩৪ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি। তিনটি ছক্কা ও তিনটি চারে গড়া ইনিংসে স্বর্ণা শেষ পর্যন্ত ৩৫ বলে ৫১ রানে অপরাজিত থাকেন।
সোমবার ভারতের বিশাখাপত্তমে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই রেকর্ড গড়েন ডানহাতি ব্যাটার স্বর্ণা আক্তার। ওয়ানডেতে তার তিনটি ছক্কাই নতুন মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশের জন্য। এর আগে কোনো নারী ক্রিকেটার এক ম্যাচে দুইটির বেশি ছক্কা মারতে পারেননি; সেই রেকর্ডটি ছিল নিগার সুলতানার দখলে।
দলীয় ১৫০ রানে ৪১তম ওভারে তৃতীয় উইকেট পতনের পর ব্যাট করতে নামেন মাত্র ১৮ বছর বয়সী স্বর্ণা। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে মনোযোগ দেন তিনি। কেবল ৩৪ বলেই ওয়ানডে ক্যারিয়ারের ২২তম ম্যাচে তুলে নেন তার প্রথম হাফ-সেঞ্চুরি।
স্বর্ণার পাশাপাশি আজকের ম্যাচে ফিফটি পেয়েছেন বাংলাদেশের আরেক ব্যাটার শারমিন আক্তারও। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের নবম হাফ-সেঞ্চুরি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ। যা নারী বিশ্বকাপে টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।
স্বদেশ প্রতিদিন/ আরএফ