প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৩:৪৯ পিএম

টানা দুই হারের পর জয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসি নারী বিশ্বকাপের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে ভারতের বিশাখাপত্তমে শুরু হয়েছে ম্যাচটি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের একাদশে এসেছে দুটি পরিবর্তন। বাদ পড়েছেন সুমাইয়া আক্তার ও নিশিতা আক্তার নিশি, তাদের জায়গায় দলে ফিরেছেন অভিজ্ঞ ফারজানা আক্তার ও অলরাউন্ডার রিতু মনি।
বিশ্বকাপের ১৩তম আসরটা জয় দিয়েই শুরু করেছিল বাংলাদেশ। কলম্বোতে প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করেছিল টাইগ্রেসরা।
কিন্তু পরের দুই ম্যাচে জয়ের ধারায় ব্যাঘাত ঘটে। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াই করেও ৪ উইকেটে হারে দলটি। এরপর তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ হয়ে বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ।
ওয়ানডে রেকর্ড বলছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত ২১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। এর মধ্যে মাত্র ৩ ম্যাচে জয়ের দেখা মিলেছে, বাকি ১৮টিতেই পরাজিত হয়েছে টাইগ্রেসরা। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরের সফরে তিন ম্যাচের সিরিজে ২–১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ–অধিনায়ক), ফারজানা আক্তার, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সানজিদা আক্তার।
স্বদেশ প্রতিদিন/ আরএফ