প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৬:৫০ AM

কক্সবাজার আদালতে ঘটেছে নজিরবিহীন এক চুরির ঘটনা। আদালত পরিচালনার সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস খামরা (চেম্বার) থেকে দুটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র চুরি হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টা ৪০ থেকে ১টার মধ্যেএ ঘটনা ঘটেছে, বিচারক যখন আদালতের এজলাসে বিচারকার্য পরিচালনা করছিলেন।
এজাহার সূত্রে জানা গেছে, চোরের কবলে পড়া সামগ্রীর মধ্যে রয়েছে, একটি আইফোন ১৪, একটি ভিভো-১২, একটি মানিব্যাগ, যাতে ছিল, বিচারকের এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র।
চুরি হওয়া মোবাইল দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।
এ ঘটনায় বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেছেন।
সাইদুল ইসলাম বলেন, “আদালত চলাকালীন বিচারক স্যার সবসময় মোবাইল ও মানিব্যাগ খাস খামরায় রেখে দেন। রোববারও সেই নিয়মেই রেখেছিলেন। এ সুযোগে কোনো অজ্ঞাত ব্যক্তি কৌশলে চেম্বারে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়েছে। এটি খুবই উদ্বেগজনক ও নিরাপত্তা বিঘ্নকারী ঘটনা।”
কক্সবাজার সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুখ হোসেন বলেন, “ঘটনার পরপরই মামলা রুজু হয়েছে। চুরি হওয়া মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে