
সংগৃহীত ছবি
শনিবার রাতভর পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখলের দাবি করেছে পাকিস্তান।
পাকিস্তানি সেনাসূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ডুরান মেলা, তুর্কমানজাই, শহিদান, কুনার ও চাগাইসহ সীমান্তবর্তী অন্তত ১৯টি পোস্টে পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের মুখে আফগান বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। সংঘর্ষে কয়েক ডজন আফগান সেনা নিহত ও আহত হয়েছেন বলে দাবি পাকিস্তানের।
অন্যদিকে ডন নিউজ জানিয়েছে, শনিবার রাতে পাকিস্তান ও আফগান তালেবান বাহিনীর মধ্যে সীমান্তজুড়ে তীব্র লড়াই হয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি বলেন, আফগান বাহিনীর ‘উসকানিমূলক হামলার’ জবাবে পাকিস্তান সেনাবাহিনী শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে।
নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, পাকিস্তানি বাহিনী আন্তর্জাতিক সীমান্তে আফগান বাহিনীর কয়েকটি পোস্টে পাল্টা হামলা চালায়। এতে আফগান পোস্ট ও সশস্ত্র গোষ্ঠীগুলোর ‘গুরুতর ক্ষতি’ হয়েছে বলে দাবি তাদের।
প্রতিবেদনে আরও বলা হয়, সংঘাতে আর্টিলারি, ট্যাংক, হালকা ও ভারি অস্ত্র ব্যবহার করা হয়। আফগান বাহিনী খাইবার পাখতুনখোয়ার আঙ্গুরআড্ডা, বাজাউর, কুররাম, দির, চিত্রাল এবং বেলুচিস্তানের বারামচা এলাকায় পাকিস্তানি পোস্টে গুলি চালায়।
কাবুল কর্তৃপক্ষের অভিযোগ, পাকিস্তান গত সপ্তাহে আফগান রাজধানীতে বিমান হামলা চালিয়েছে। এর জবাবেই সীমান্তে সংঘর্ষ শুরু হয়েছে বলে দাবি করেছে তালেবান সীমান্তবাহিনী।
তালেবান কর্মকর্তারা কুনার, নানগারহার, পাকতিকা, খোস্ত ও হেলমান্দ প্রদেশে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসলামাবাদ বিমান হামলার অভিযোগ অস্বীকার করলেও কাবুলকে সতর্ক করে বলেছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে নিজেদের মাটিতে আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দাবি, একাধিক আফগান সেনা নিহত হয়েছে এবং তালেবান যোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়েছে। তারা আরও জানায়, দায়েশ ও খারেজি গোষ্ঠীর ঘাঁটিগুলোতে আর্টিলারি, ট্যাংক, ড্রোন ও বিমান হামলা চালানো হচ্ছে।
এ ঘটনায় কাতার, ইরান ও সৌদি আরব উভয় দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।
সূত্র: জিও নিউজ, ডন নিউজ
স্বদেশ প্রতিদিন/এনআর