প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৭:০১ পিএম

সংগৃহীত ছবি
পটুয়াখালীর লোহালিয়ায় সশস্ত্র হামলার মাধ্যমে ইউনিয়ন বিএনপি নেতা মফিজুল মৃধাকে হত্যার চেষ্টা এবং পুলিশের চার সদস্যকে আহত করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠানটি আয়োজন করে লোহালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ, এবং স্থান ছিল পালপাড়া বাজার।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভিকটিম মফিজুল মৃধার মা আকলিমা বেগম, বোন সোনিয়া আক্তার, লোহালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুলকার, ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক আঃ ছালাম সিকদার, প্রচার সম্পাদক এ্যাডভোকেট বশির মৃধাসহ বিএনপির স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা ঘটনার সঙ্গে জড়িত সোহাগ মাঝিসহ অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবি জানান।
দুই ঘণ্টা ব্যাপী মানববন্ধনের পর বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর রাতে পালপাড়া বাজারে সোহাগ মাঝি ও তার অনুসারী ৩০-৪০ জনের একটি সশস্ত্র দল, ধর্ষণ মামলার সাক্ষী মফিজুল মৃধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও চার কর্মকর্তা আহত হন এবং পুলিশের গাড়ি ভাঙচুর হয়।
এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে এসআই রাসেল মাহমুদ বাদী হয়ে সোহাগ মাঝিকে ১নং আসামী করে ২৬ জনকে চিহ্নিত করে মামলা দায়ের করেন। একই সঙ্গে ভিকটিম মফিজুল মৃধার মা আকলিমা বেগম বাদী হয়ে ৩৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
স্বদেশ প্রতিদিন/শাহো