জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যে না হলেও গণভোটের সুযোগ আছে। তিনি বলেন, গণভোটের বিষয়ে ইসির সঙ্গে আলোচনার মাধ্যমে সরকারেরই সিদ্ধান্ত নেয়া উচিত।
আজ শনিবার (১১ অক্টোবর) এফফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
আশা প্রকাশ করে বদিউল আলম বলেন, “আশা করছি রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। গণভোট ও জাতীয় নির্বাচন একদিনেই হবে কিনা এ ব্যাপারে জাতীয় ঐকমত্য কমিশন সরকারকে সুপারিশ করবে। তবে এ বিষয়ে সরকার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেবে।”
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা দরকার উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচন ও রাজনৈতিক দল থেকে দুর্বৃত্তায়ন দূর করতে হবে। নির্বাচন কমিশন কে স্বাধীন ও কার্যকর করা দরকার।”
শেখ হাসিনা সরকার স্বৈরাচারী ব্যবস্থা রেখে গেছে উল্লেখ করে তিনি বলেন, “গণভোট যেন দেশের মানুষের সম্মতি পায়, গণভোটে যেন ‘হ্যাঁ’ ভোট পড়ে তার জন্য সর্বশক্তি নিয়োগ করতে হবে। জুলাই জাতীয় সনদ পাশের মাধ্যমে সেই কাঠামোর সংস্কার দরকার।”
জুলাই সনদের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, “জুলাই সনদ স্বাক্ষরের পর পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন না করলে তাদের পরিণতিও শেখ হাসিনার সরকারের মতো হবে। ক্ষমতার পালাবদল হলেও যেন দুর্নীতির পালাবদল না হয় সেটি নিশ্চিত করতে হবে। দেশে গণতন্ত্রের সুরক্ষায় সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি নির্বাচিত সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠা ও দেশের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে।”