প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৬:০০ AM

ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম শনিবার (১১ অক্টোবর) ভোরে দেশে ফিরছেন।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি জানান, স্থানীয় সময় শুক্রবার দুপুর আড়াইটায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরাইল থেকে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান শহিদুল আলম। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। ইস্তাম্বুল থেকে স্থানীয় সময় সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় তার পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন বন্ধ ও গাজায় নৌ অবরোধ ভাঙার দাবিতে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামে একটি আন্তর্জাতিক জোট গাজামুখী নৌযাত্রা শুরু করে। একই সঙ্গে ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ নামের আরেক সংগঠনের আটটি নৌযানও এতে অংশ নেয়।
মোট নয়টি নৌযানের এই বহরে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিক, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা যোগ দেন। সেই দলের সদস্য ছিলেন বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম। গত বুধবার (৮ অক্টোবর) নৌবহরটি গাজার উপকূলে পৌঁছালে ইসরাইলি সেনারা হামলা চালিয়ে সব নাবিক ও অধিকারকর্মীকে আটক করে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ