প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৫:৩৭ পিএম

ফাইল ছবি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্যাংকের ঋণ খেলাপি মামলায় আমিনুল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার নলডাঙ্গা বাজারে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের দক্ষিণ সাহাবাজ গ্রামের আব্দুস ছালামের ছেলে। তিনি নলডাঙ্গা বাজারে হাঁড়ি-পাতিল ও প্লাস্টিকের তৈজসপত্রের ব্যবসা পরিচালনা করেন।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাকিম আজাদ জানান, অগ্রণী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় আদালতের জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
নলডাঙ্গা অগ্রণী ব্যাংক পিএলসি শাখা সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম শাখাটি থেকে স্বল্পমেয়াদি (সিসি) খাতে ২০ লাখ টাকা ঋণ নেন। চুক্তি অনুযায়ী নিয়মিত কিস্তি শোধ করার কথা থাকলেও তিনি দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধে ব্যর্থ হন এবং বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। ঋণের মেয়াদোত্তীর্ণ হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে গাইবান্ধা অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করে।
মামলার বাদী অগ্রণী ব্যাংকের নলডাঙ্গা শাখার ব্যবস্থাপক জানান, ঋণের টাকা পরিশোধ না করায় আইনগত প্রক্রিয়ায় মামলা করা হয়। সেই মামলার পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্বদেশ প্রতিদিন/শাহো