প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৫:২৮ পিএম

সংগৃহীত ছবি
এশিয়ান কাপ বাছাইপর্বের চতুর্থ ম্যাচ খেলতে হংকংয়ের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ৩৪ সদস্যের দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
দলের ২৩ জন ফুটবলারের সঙ্গে কোচ হাভিয়ের কাবরেরাসহ কোচিং স্টাফ ও কর্মকর্তারা সফরে অংশ নিয়েছেন। নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে শেষ মুহূর্তে ফ্লাইট ধরতে সক্ষম হন ডিফেন্ডার ফাহমিদুল হক। ভিসা প্রক্রিয়ায় দেরি হওয়ায় তার পাসপোর্ট চীনা দূতাবাসে আটকে ছিল। তবে বিশেষ ব্যবস্থায় শুক্রবার সকালে বাফুফে কর্মকর্তারা তার পাসপোর্ট সংগ্রহ করে বিমানবন্দরে পৌঁছে দেন।
দলের তিন বিদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী (ইংল্যান্ড), সামিত সোম (কানাডা) ও জায়ান আহমেদ (যুক্তরাষ্ট্র) নিজ নিজ দেশের পাসপোর্টধারী হওয়ায় তাদের ভিসার প্রয়োজন হয়নি। দলটি ব্যাংককে যাত্রাবিরতির পর হংকং সময় রাত ১০টার দিকে পৌঁছাবে।
এর আগে বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত বাছাইয়ের তৃতীয় ম্যাচে ৪-৩ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে হংকংয়ের কাছে হারে বাংলাদেশ। তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের তলানিতে রয়েছে কাবরেরার দল। গ্রুপ সেরা হতে হলে বাকি তিন ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। আগামী মঙ্গলবার হংকংয়ের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে জামাল-হামজারা।
স্বদেশ প্রতিদিন/শাহো