প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৫:৩৪ পিএম

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট এবং সেখানে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে। জাতির মতামত না নিয়ে পিআরকে উপেক্ষা করা যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘জাতি যদি পিআরের পক্ষে রায় দেয়, তাহলে সব দলকে তা মানতে হবে। আর জাতি না মানলে সে রায় আমরাও গ্রহণ করব।’
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত গণ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,‘ পিআর জনগণ বোঝে না-এমন প্রচার চালানো হচ্ছে। তবে দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়।’
গোলাম পরওয়ার বলেন, ‘ফ্যাসিবাদের দোসরদের বিচার বিঘ্নিত করতে বারবার অপচেষ্টা চালানো হচ্ছে। প্রশাসনের বিভিন্ন পদের পছন্দের ব্যক্তিকে জায়গা করে দেওয়া হচ্ছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড বিঘ্নিত হচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আবারও বিতর্কিত নির্বাচন হবে।’
তিনি বলেন, অনেকে দ্রুত নির্বাচন চায় কিন্তু সংস্কারে সহযোগিতা করেন না। একটি রাজনৈতিক দলের নেতাদের মুখে শোনা যায় ‘দলের চেয়ে দেশ বড়’, কিন্তু তাদের কাজে বিপরীত চিত্র লক্ষ্য করা যায়।
স্বদেশ প্রতিদিন/এমএম