প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১১:৪৬ AM

সংগৃহীত ছবি
রাজশাহীর নওহাটা এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুইজন সিনিয়র শিক্ষক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ।
আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে নওহাটা জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শিব শংকর রায় নিহত হন। দর্শন বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান মারাত্মকভাবে আহত হয়েছেন।
জানা গেছে, সকালে মাছ ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলে বের হন তারা। পথে তাদের মোটরসাইকেলটি একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ড. শিব শংকর রায় দীর্ঘদিন ধরে রাবির মার্কেটিং বিভাগে শিক্ষকতা করছিলেন। তার মৃত্যুর খবর বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া ফেলেছে। গুরুতর আহত অধ্যাপক ড. আসাদুজ্জামানের চিকিৎসা চলমান রয়েছে।
রাবির উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “অসীমে ভালো থাকবেন স্যার। সড়ক দুর্ঘটনায় আজ সকালে আমাদের ছেড়ে চলে গেলেন মার্কেটিং বিভাগের শিক্ষক ড. শিব শংকর রায়। ড. আসাদুজ্জামান মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসাধীন।”
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, তারা নওগাঁর দিকে যাচ্ছিলেন। নওহাটা জুট মিলের সামনে দুর্ঘটনার সময় একজন শিক্ষক নিহত এবং অপরজন বর্তমানে রামেকে চিকিৎসাধীন।