মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে ইসরায়েল ও হামাস সম্মত হয়েছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। ইতোমধ্যে গাজায় ফিলিস্তিনিদের মধ্যে আনন্দ-উল্লাস শুরু হয়েছে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর ও পর্যবেক্ষণের জন্য গাজায় ২০০ মার্কিন সেনা পাঠানো হবে। তারা ইসরায়েল থেকে গাজা উপত্যকার পরিস্থিতি নজরদারি করবেন। এ লক্ষ্যে স্থাপন করা হবে একটি যৌথ নিয়ন্ত্রণ কেন্দ্র।
পর্যবেক্ষক বাহিনীর নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। এছাড়া দলে মিসর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও অন্তর্ভুক্ত থাকবেন। তারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে সমন্বয় করে গাজায় সংঘর্ষ এড়ানোর দায়িত্ব পালন করবেন।
ইসরায়েলি সংসদ নেসেট গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে। এর সঙ্গে সঙ্গে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) অভিযানে বিরতি দিচ্ছে। ফলে ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।