
জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো মূলত সম্মত হলেও, গণভোটের নির্দিষ্ট সময় নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএনপি চাইছে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হোক, তবে জামায়াতে ইসলামী চাইছে নভেম্বর মাসে গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়ন করা হোক। এ অবস্থায় ঐক্য কমিশন ও রাজনৈতিক দলের মধ্যে কোনো চূড়ান্ত ঐকমত্য তৈরি হয়নি। আগামীকালের মধ্যে সনদ বাস্তবায়নে সরকারের কাছে সুপারিশ পাঠাবে কমিশন।
সংশ্লিষ্টরা বলছেন, গণভোটের দুটি অংশ থাকবে। সনদের যে প্রস্তাবে সব দল একমত হয়েছে, তা একটি প্রশ্ন হিসেবে রাখা হবে। আর যে প্রস্তাবে কোনো দল নোট অব ডিসেন্ট (আপত্তি) জানিয়েছে, তা আলাদাভাবে থাকবে। ভোটাররা প্রতিটি অংশে স্বতন্ত্রভাবে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে পারবেন।
জুলাই সনদে মোট ৮৪টি প্রস্তাবের মধ্যে ২৯টি নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়িত হবে, ২১টি রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এবং ৩৪টি প্রস্তাবের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। সংবিধান সংশোধনের বিষয়ে দলগুলো একমত হলেও, গণভোটের সময় নিয়ে তারা এখনও সমঝোতায় পৌঁছায়নি।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ঐক্য কমিশনের সদস্য আলী রীয়াজ বলেন, “সব দল গণভোটে একমত হলেও, ভোটের সঠিক সময় নির্ধারণের বিষয় এখন আলোচনার পর্যায়ে আছে। সনদে কিছু প্রস্তাবে ভিন্নমত রয়েছে, সেটি গণভোটে স্বচ্ছভাবে প্রতিফলিত হবে। জনগণ যাতে সব তথ্য জানার পর সিদ্ধান্ত নিতে পারে, সেটিই গণভোটের মূল উদ্দেশ্য।”
বিএনপি দ্রুত সনদ বাস্তবায়ন চায়। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি বুধবার প্রস্তাব করেছে, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট নেওয়া হোক। স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “গণভোটের ফলাফলের ভিত্তিতে নির্বাচিত সংসদ সিদ্ধান্ত নেবে এবং সনদ বাস্তবায়ন করবে।”
অন্যদিকে, জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “গণভোট এবং নির্বাচনের সময় একসাথে হলে প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। গণভোট আলাদা হলে তা সনদের বৈধতা নিশ্চিত করবে। জনগণ যদি গ্রহণ করে, তখনই পরবর্তী নির্বাচন সম্ভব।”
জমা দেওয়া মন্তব্য অনুযায়ী, নির্বাচন ও উচ্চকক্ষ সংক্রান্ত বিষয়গুলোও গণভোটের আগে সুনিশ্চিত করতে হবে। একই দিনে নির্বাচন ও গণভোট করলে উচ্চকক্ষ সংক্রান্ত বিষয় অনিশ্চিত থাকবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ