প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৬:৫৪ পিএম

ইলিশের প্রজনন মৌসুমে ‘মা ইলিশ রক্ষা’ কর্মসূচি সফল করতে মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলার ইসমানীরচর জেলেপাড়া সংলগ্ন ট্রলার ঘাটে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুস সামাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মেস্তফা। বিশেষ অতিথি ছিলেন গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শরজিত কুমার ঘোষ এবং কোস্টগার্ড স্টেশন কমান্ডার সিসি আব্দুর রহমান।
সভায় বক্তারা বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনব্যাপী (৪ অক্টোবর - ২৫ অক্টোবর) মাছ ধরা, পরিবহণ, মজুদ, বাজারজাত ও বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী আইন প্রয়োগে প্রশাসন, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও অন্যান্য সংস্থার সমন্বয়ে কড়া নজরদারি ও অভিযান চালানো হবে।
তারা আরও বলেন, ‘আজকের সংরক্ষণই আগামী দিনের প্রাচুর্য’ -এই বিশ্বাসে জেলেদেরকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়। মা ইলিশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা, মাইকিং ও লিফলেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সভা শেষে নৌ-পুলিশের উদ্যোগে স্থানীয়দের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম