‘গরু ছাড়াই দীর্ঘ ৩০ বছর ধরে ঘানি টানছেন প্রবীণ দম্পতি’ এমন খবর দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা দৃষ্টিগোচর হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারে’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবারে’র আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন- মোস্তাকিন আলীর (তেলী) সঙ্গে যোগাযোগ করতে।
আজ বৃহস্পতিবার (৯ অক্টােবর) বেলা ১২টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মোস্তাকিন আলীর সঙ্গে সাক্ষাৎ করতে যায় ‘আমরা বিএনপি পরিবারে’র প্রতিনিধি দল।
মোস্তাকিন আলীর সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবারে’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এসময় নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাগাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি (পাগলাটারী) গ্রামে মোস্তাকিন আলীর বসতবাড়িতে তার ৩০ বছরের স্মৃতিবিজড়িত ‘ঘানি’ পরিদর্শন করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মোস্তাকিন আলীর প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি। এছাড়া তার সার্বিক খোঁজ-খবর নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
এরপর প্রবীণ মোস্তাকিন আলী দম্পতির হাতে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের পক্ষ থেকে ‘ঘানির জন্য গরু’ কিনতে নগদ অর্থ এবং তার পরিবারকে স্বাবলম্বী করতে ব্যাটারি চালিত দুটি অটো ভ্যানের চাবি তুলে দেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মানবিক এই কর্মসূচিতে ‘আমরা বিএনপি পরিবারে’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবারে’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি ও সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও খ্যাতিমান সংগীত শিল্পী বেবী নাজনীন, বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর (সাংগঠনিক) জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু ও কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।
এদিকে, একই অনুষ্ঠানে চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত সৈয়দপুর (সাংগঠনিক) জেলায় শহীদ সাজ্জাদ হোসেন ও শহীদ নাঈম বাবুর পরিবারের সাথে সাক্ষাৎ করে আর্থিক অনুদান দেয় ‘আমরা বিএনপি পরিবার’।
স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএফ