প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৪:৩৪ পিএম আপডেট: ০৯.১০.২০২৫ ৪:৩৮ PM

সংগৃহীত ছবি
নীলফামারীর কিশোরগঞ্জে গরু ছাড়া ৩০ বছর ধরে হাতে ঘানি টেনে জীবিকা নির্বাহ করা প্রবীণ দম্পতি মোস্তাকিন আলী ও তার স্ত্রী-এর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের বিভিন্ন গণমাধ্যমে এ মানবিক গল্প প্রচারের পর বিষয়টি তার নজরে আসে।
এরপর তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব মোস্তাকিন আলীর সঙ্গে যোগাযোগ করে। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) দুপুরে সংগঠনের প্রতিনিধি দল নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি (পাগলাটারী) গ্রামে মোস্তাকিন আলীর বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি প্রবীণ এই দম্পতির ৩০ বছরের পুরোনো ঘানি পরিদর্শন করেন এবং তারেক রহমানের পক্ষ থেকে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
পরে আনুষ্ঠানিকভাবে মোস্তাকিন আলীর হাতে ঘানির জন্য গরু কেনার অর্থ এবং তার পরিবারের আর্থিক উন্নয়ন সহায়তায় ব্যাটারি চালিত দুইটি অটোভ্যানের চাবি তুলে দেন রুহুল কবির রিজভী।
এ মানবিক উদ্যোগে আরও উপস্থিত ছিলেন—‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি ও সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন।
এছাড়া অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংগীতশিল্পী বেবী নাজনীন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
এদিন একই অনুষ্ঠানে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সৈয়দপুরের শহীদ সাজ্জাদ হোসেন ও শহীদ নাঈম বাবুর পরিবারের হাতেও আর্থিক অনুদান তুলে দেওয়া হয় ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে।
স্বদেশ প্রতিদিন/শাহো