
সংগৃহীত ছবি
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সৌমি পাল। টলিউডের অনেক জনপ্রিয় ধারাবাহিকের অভিনয়ে মন জয় করে নিয়েছেন দর্শকদের।
‘কে আপন কে পর’, ‘সীমারেখা’, ‘কাঞ্চি’র মতো সিরিয়ালে তার অভিনয় নজর কেড়েছে। তবে পর্দায় আলো ছড়ানো এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন এখন চরম আইনি জটিলতায়।
সম্প্রতি একটি ভিডিওতে সৌমি দাবি করেন, তার ব্যবহৃত গাড়িটি বর্তমানে স্বামীর কাছে রয়েছে। কিন্তু এখন জানা যাচ্ছে, তার স্বামী নাকি সবার কাছে বলছেন গাড়িটি তিনি নিজেই কিনেছেন।
স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ তুলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি। কিন্তু গত কয়েকমাস ধরেই নিজের বিবাহিত জীবনের সমস্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও প্রকাশ করছেন অভিনেত্রী। তার বক্তব্যে ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে সম্পর্কের তিক্ততা এবং স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ের জটিল চিত্র।
সৌমি পাল বলেন, “অনেকেই জানেন যে আমার গাড়ি তার কাছে রয়েছে। কিন্তু এখন জানতে পারছি, সবাইকে বলে বেড়াচ্ছে গাড়িটা নাকি তার। নিজে কিনেছে। আমি চাই, গাড়িটা যে তার, এই প্রমাণটুকু শুধু একটু দিক।”
অভিযোগ করে তিনি বলেন, “তাকে কেন ছেড়ে দেওয়া হলো, সেই জবাব আজও পাইনি।”
সৌমি প্রশ্ন তুলে বলেন, “উত্তর দিতে না পেরে আমায় বাড়িতেই ঢুকতে দেয়নি। কেউ যদি পারো জিজ্ঞেস করে জানিও, আমার কি চরিত্র খারাপ ছিল? তাকে কি আমি কোনোভাবে মানসিক, শারীরিক, অর্থনৈতিক নির্যাতন করতাম?”
জানা যায়, সম্পর্ক শুরুর পর তার স্বামীর গ্রামে তড়িঘড়ি একটি বাড়ি তৈরি হয়েছে, যা আগে বহু বছরেও হয়নি।
তবে সৌমির মতে, “আমি সম্পর্কে যাওয়ার পরেই হঠাৎ বাড়িটা তৈরি হয়ে গেল? আগে কি তার কাছে টাকা ছিল না। সে এলাকার লোকেরা কিন্তু বিষয়টা জানে।”
উল্লেখ্য, ২০১৬ সালে প্রেমের সম্পর্কে জড়ান সৌমি। এরপর ২০২১ সালে সম্পন্ন হয় তাদের আইনি বিয়ে।
এদিকে এই অভিনেত্রীর এমন অভিযোগের পর বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। তারা সৌমির অভিযোগের পক্ষে এবং বিপক্ষে নানা মন্তব্য করে যাচ্ছেন।