প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৪:১৮ পিএম আপডেট: ০৯.১০.২০২৫ ৪:২৪ PM

ফাইল ছবি
বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন দাবি করে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, তিনি সৈন্যদের হাতে আটক অবস্থায় সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন এবং গায়ে আছে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের ছবি আঁকা টি-শার্ট।
তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানায়, ছবিটি বাস্তব নয়! এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি। তাদের বিশ্লেষণে ছবিতে একাধিক এআই-জনিত ত্রুটি, যেমন সৈন্যদের চেহারা ও গঠনগত অমিল, অস্বাভাবিক ছায়া এবং পোশাকের বিকৃতি শনাক্ত করা হয়েছে। এছাড়া ছবিটি এআই শনাক্তকারী টুল Hive Moderation-এ পরীক্ষায় ৯৭% সম্ভাবনায় এআই তৈরি হিসেবে শনাক্ত হয়।
জানা যায় শহিদুল আলম গত ৪ অক্টোবর তার পোস্ট করা আসল ছবিতে তিনি কালো পাঞ্জাবি পরেছিলেন, আর ছড়িয়ে পড়া ছবিতে সেটি টি-শার্টে রূপান্তরিত হয়েছে, যা এআই তৈরি ছবিতে সাধারণত দেখা যায়।
রিউমর স্ক্যানার জানায়, ছবিটির অস্তিত্ব কোনো বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি এবং ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন কিংবা ইসরায়েলি কর্তৃপক্ষ কেউই এমন ছবি প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ফ্লোটিলার ‘কনশেন্স’ জাহাজের যাত্রীদের আটক করে আশদোদ বন্দরে নেওয়া হলেও, সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, গাজার নৌ অবরোধ ভাঙার চেষ্টা করায় কনশেন্স বহরকে আটক করে আশদোদ বন্দরে নেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় সব যাত্রী নিরাপদে আছেন এবং দ্রুত তাদের দেশে ফেরত পাঠানো হবে। তবে তারাও কোনো অবস্থাতেই ওই ছবিটি প্রকাশ করেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত শহিদুল আলমের আটক ছবিটি এআই তৈরি ও বিভ্রান্তিকর।
স্বদেশ প্রতিদিন/শাহো