ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
আজ বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তালেবুর রহমান জানান, বুধবার রাতে নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মীকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে ঢাকার কোন এলাকা থেকে কখন, কোন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। গ্রেপ্তার অন্যদের নামও প্রকাশ করা হয়নি।
এছাড়া গতকাল দুপুরে পৃথক অভিযানে রাজধানীর বাড্ডা ও শ্যামলী এলাকা থেকে সাতটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্য (৪০) ও ছাত্রলীগের কবি নজরুল সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আমির হামজাকে (২৮) গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।