প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১১:৩৯ AM

সংগৃহীত ছবি
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান জানিয়েছেন, টাইফয়েড ভ্যাকসিনে কোনো হারাম উপাদান নেই, তাই এটি সম্পূর্ণভাবে হালাল। তিনি বলেন, সব রোগের শেফা আল্লাহ প্রদান করেন এবং আমাদের কাজ হলো তা নির্ধারণ করে নেওয়া।
গতকাল বুধবার (৮ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত একটি ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম জোরদার করার জন্য অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভার আয়োজন করা হয়।
আ. ছালাম খান বলেন, “ডাক্তার ও বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, এই ভ্যাকসিনের মাধ্যমে টাইফয়েড প্রতিরোধ করা সম্ভব। এটি নিরাপদ এবং মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আল্লাহ যদি এই ওষুধকে ক্ষমতা দেন, তবে এটি আমাদের মুক্তি দেবে। ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা নেই।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ মুসলিম দেশের একজন আলেম উলামার দেশ। ওলি আউলিয়ারা এখানে ইসলাম প্রচার করেছেন। আলেমরা ঐক্যবদ্ধ থাকুন, এটাই আমরা চাই। যেহেতু ভ্যাকসিনটি হালাল, আমাদের কাজ হলো জনগণের সেবায় এটি যেন কোনো ধর্মীয় বাধার মুখে না পড়ে।”
ওয়ার্কশপে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সভাপতিত্ব করেন।
এছাড়াও, ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান সরকার, ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মোহাম্মদ রেজ্জাকুল হায়দার, জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।