প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৬:৩১ AM

যশোরের নওয়াপাড়া পৌরসভার গাজীপুর এলাকায় দীর্ঘদিন ধরে চলা জুয়ার আসর বন্ধ করে দিয়েছে পুলিশ। গত কয়েকদিন ধরে পুলিশের কঠোর অভিযান ও নিয়মিত টহলের ফলে এলাকা থেকে জুয়ার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর মধ্যে।
স্থানীয় সূত্র জানায়, গাজীপুরে রাতের বেলায় নিয়মিতভাবে জুয়ার আসর বসত। এতে এলাকার যুব সমাজ বিপথগামী হচ্ছিল। সম্প্রতি এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভয়নগর থানা ও স্থানীয় পুলিশ ফাঁড়ির যৌথ তৎপরতায় জুয়াড়িদের ধরতে অভিযান শুরু হয়। পুলিশ টহল বাড়ানোর পাশাপাশি সন্দেহভাজন জুয়াড়িদের বাড়িতে তল্লাশি চালায়। এতে গ্রেফতার এড়াতে অনেকেই আত্মগোপনে চলে যায়।
স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সনজিৎ কুমার বলেন, “যে কোনো অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। আমরা কাউকে অন্যায় করতে দেব না। আইন সবার জন্য সমান। এলাকাবাসী নিশ্চিন্তে পুলিশের সেবা পাবেন।”
তিনি আরও বলেন, “খেলাধুলা, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক আয়োজনের মতো ইতিবাচক কার্যক্রমে পুলিশের সহযোগিতা থাকবে। তবে মাদক, জুয়া বা অশ্লীল কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। এগুলো সমাজে চরম অবক্ষয় ডেকে আনে।”
আইসি সনজিৎ কুমারের নেতৃত্বে পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, পূজার ছুটির পর আইসি দায়িত্বে ফিরে এসে গাজীপুরের জুয়ার আসর গুঁড়িয়ে দিয়েছেন। ফলে এখন এলাকা অনেকটাই শান্ত। স্থানীয়দের বিশ্বাস, তার নেতৃত্বে ভবিষ্যতেও গাজীপুরে কোনো অবৈধ কর্মকাণ্ড চলবে না।
স্বদেশ প্রতিদিন/ আরএফ