প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৯:৪৫ পিএম

ফাইল ছবি
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের নীতি হচ্ছে— কোনো মিডিয়া বন্ধ করা হবে না। তিনি বলেন, গত ১৫ বছরে রাজনৈতিক বিবেচনায় টেলিভিশন চ্যানেলের অনুমোদন দেওয়া হয়েছে, তবে নতুন সরকার গণমাধ্যমে বৈচিত্র্য ও স্বাধীনতার নিশ্চয়তা দিতে চায়।
বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মাহফুজ আলম বলেন, ‘সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রথম অগ্রাধিকার। এজন্য নির্বাচনের আগেই সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে। সবার মতামতের ভিত্তিতে গণমাধ্যম কমিশন ও সাংবাদিক সুরক্ষা আইন করতে চাই। নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সুরক্ষা জরুরি।’
মিডিয়া মালিকদের উদ্দেশে তিনি বলেন, ‘মালিকরা কর রেয়াতসহ যেসব সুবিধা সরকার থেকে পাবেন, সেভাবে যেন কর্মীদেরও সুবিধা দেন।’
চ্যানেল অনুমোদন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, ‘গত ১৫ বছরে টেলিভিশন চ্যানেল রাজনৈতিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে পক্ষপাত ছিল। তবে এই সরকারের নীতি স্পষ্ট— কোনো মিডিয়া বন্ধ করা হবে না। বরং আমরা চাই, বহু স্বর আসুক। ফ্যাসিবাদবিরোধী কণ্ঠগুলোকেও মিডিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে।’
স্বদেশ প্রতিদিন/এনআর