প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১০:০১ পিএম

মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ২০ জেলেকে আটক করেছে প্রশাসন। গত ২৪ ঘণ্টায় ভোলা সদর ও লালমোহন উপজেলায় পরিচালিত পৃথক অভিযানে এসব জেলে আটক হন। আটক জেলেদের বিরুদ্ধে জেল ও জরিমানা দেওয়া হয়েছে। এ সময় জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
জেলা মৎস্য বিভাগ জানায়, লালমোহনের তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১৬ জেলেকে আটক করা হয়। পরে বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ ১২ জেলেকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এক জেলেকে ১ হাজার টাকা জরিমানা এবং তিনজন অপ্রাপ্তবয়স্ক জেলেকে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযানে ৫ হাজার মিটার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ১৫ কেজি ইলিশ ও অন্যান্য মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
অন্যদিকে, ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে আরও ৪ জেলে আটক হয়। এ সময় প্রায় ৬ হাজার মিটার জাল ও ১৪ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এছাড়া চরফ্যাশন উপজেলায় মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ১৫ হাজার মিটার জাল ও ১০ কেজি ইলিশ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের উপকূলীয় এলাকায় সব ধরনের মাছ ধরা, বিক্রি, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার।
স্বদেশ প্রতিদিন/এনআর