প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:৫৬ পিএম

গজারিয়ায় গৃহস্হবাড়ি থেকে ২ সাপ, ২৩ বাচ্চা ও সাপের অসংখ্য ডিম উদ্ধার
গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া পশ্চিমকান্দী এলাকার এক গৃহস্হ বাড়িতে মাটি খুঁড়ে দুটি জাতির সাপ (পানোস), সাপের ২৩টি বাচ্চা ও অসংখ্য ডিম উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (৮ অক্টোবর) একটি বসত বাড়ির পাকা ভবন লাগোয়া অংশে মাটি খুঁড়ে সাপ, বাচ্চা ও ডিম উদ্ধার করা হয়েছে।
বাড়ির মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার সন্ধ্যায় স্থানীয়রা ফনা তোলা অবস্থায় একটি সাপ দেখতে পায়।
কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকার একজন সাপুড়ে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সময়ে পাকা ভবন লাগোয়া মাটি খুঁড়ে আনুমানিক চার থেকে সাড়ে চার ফুট লম্বা দুটি বয়স্ক মা সাপ, একে একে ২৩টি জীবিত বাচ্চা সাপ (প্রতিটি ৮ থেকে ১০ ইঞ্চি লম্বা) এবং অসংখ্য সাপের ডিম উদ্ধার করেন।
সাপুড়ে হোসাইন মিয়া বলেন, জীবিত বাচ্চা সাপ উদ্ধার করা দুটি সাপ ধরার চেয়ে কয়েক গুণ কঠিন কাজ ছিল।
বাড়ির মালিক পক্ষের শরীফ হোসেন বলেন, ৬ হাজার টাকার চুক্তিতে সাপুড়েকে সাপ ধরার দায়িত্ব দেওয়া হয়েছিল। দুটি সাপসহ বাচ্চাগুলো সাপুড়ে হোসাইন নিয়ে গেছে এবং ডিমগুলো উদ্ধারস্থলেই ধ্বংস করা হয়েছে।
মাটি খুঁড়ে সাপ, বাচ্চা ও ডিম উদ্ধার করার সময় উদ্ধারস্থলে কৌতূহলী নারী, পুরুষ ও শিশুদের ভিড় ছিল।