প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:৫৩ পিএম

সংগৃহীত ছবি
রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ সময়েও পদ্মা নদীতে ইলিশ আহরণ থেকে বিরত রাখার উদ্যোগ হিসেবে নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলা সদরের হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে মোট ৪৩০ জন নিবন্ধিত কার্ডধারী জেলের মধ্যে এই চাল বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অ: দা:) খোন্দকার আবুবকর সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মোঃ জাহাঙ্গীর হোসেন, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সবজি হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা জেলেদের উদ্দেশ্যে বলেন, সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশ প্রজনন মৌসুমে নদীতে জাল ফেলাসহ মাছ আহরণ নিষিদ্ধ করেছে। তিনি জেলেদের অনুরোধ করেন, এই ২২ দিনে নদীতে নামবেন না এবং নিষেধাজ্ঞা না মানলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন।
স্বদেশ প্রতিদিন / শাহো