
নোয়াখালী জেলাকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বরে এসে শেষ হয়। সেখানে প্রায় দুই ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
কর্মসূচিতে অংশ নেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, হেফাজতে ইসলাম নোয়াখালী জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াছিন আরাফাত, চৌমুহনী পৌর বিএনপির সদস্য সচিব মহসিন আলম, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা টিআই সুজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান সীমান্ত এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ তুষার।
‘নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’, ‘নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি’ ও সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের হাজারো মানুষ অংশ নেন।
সড়ক অবরোধের কারণে নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-কুমিল্লা, নোয়াখালী-ফেনী ও নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। অবরোধ চলাকালে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বক্তারা বলেন, ‘বৃহত্তর নোয়াখালীতে প্রায় এক কোটি মানুষের বসবাস। এই অঞ্চলের মানুষ বহু বছর ধরে উন্নয়নবঞ্চনার শিকার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, শিল্প—প্রতিটি খাতেই বৈষম্যের শিকার হচ্ছেন এখানকার বাসিন্দারা। অথচ নোয়াখালী ঐতিহ্য, কৃষি ও বাণিজ্যে সমৃদ্ধ একটি অঞ্চল।’
তারা বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় নতুন বিভাগ হলেও নোয়াখালীর দীর্ঘদিনের দাবি এখনও উপেক্ষিত। লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুরকে নিয়ে নোয়াখালী বিভাগ গঠিত হলে প্রশাসনিক কার্যক্রম সহজ হবে এবং স্থানীয় জনগণকে আর ঢাকা বা চট্টগ্রামে ছোটখাটো কাজের জন্য ছুটতে হবে না।’
আন্দোলনকারীরা আরও বলেন, ‘নোয়াখালী বিভাগ শুধু প্রশাসনিক দাবি নয়, এটি উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও বাণিজ্যিক প্রসারের এক অনিবার্য প্রয়োজন। এটি আমাদের ন্যায্য দাবি, আত্মমর্যাদার প্রশ্ন।’
শেষে বক্তারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং বলেন, ‘রাষ্ট্র যদি আঞ্চলিক স্বার্থের ভাষা বোঝে, তবে নোয়াখালী বিভাগ আর বেশি দূরে নয়।’
স্বদেশ প্রতিদিন/এমএম