প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৪:৪৩ পিএম

মির্জাগঞ্জে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি গ্রেফতার
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মো. মেনাজ মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৭টায় কাকড়াবুনিয়া ইউনিয়নের বৈদ্যপাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ২৭ আগস্ট মির্জাগঞ্জ থানার মামলা নং-০৮, জিআর-৯১/২০২৪, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪/৫ ধারা এবং দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৩৮৫/৩৭৯/৩৮০/৫০৬ ধারায় করা মামলার তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া যায়।
গ্রেফতারকৃত মো. মেনাজ মৃধা (৭৪) মৃত মফেজ উদ্দিন মৃধা ও মৃতা শামসুন্নাহার বেগমের পুত্র। তিনি কাকড়াবুনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি হিসেবে পরিচিত।
মির্জাগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) কাওসার আহমেদ মামলাটির তদন্ত করছেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতের কাছ থেকে মামলাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, গ্রেফতারকৃত আসামিকে আজ (৭ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।