প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১:৫৬ পিএম

২০২২ সালের নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী দল। ৫০ ওভারের সংস্করণের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো খেলছে বাংলাদেশ। এবার নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ অভিযানে আরও বড় স্বপ্ন দেখছে নিগার সুলতানার দল। টুর্নামেন্টের শুরুতেই আবারও পাকিস্তানকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে টাইগ্রেসরা।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। ভারতের গুয়াহাটিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে।
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর এবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে টাইগ্রেসরা। ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে এর আগে একবারই মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, ২০২২ সালের বিশ্বকাপে। সেবার ১০০ রানে হেরেছিল লাল-সবুজের মেয়েরা। তবে এবার ভিন্ন সময়, ভিন্ন আত্মবিশ্বাস। তবে কঠিন হলেও এবারের আসরে ইংলিশ বধের স্বপ্ন দেখছে বাংলাদেশের মেয়েরা। এমনটি হলে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের এক আসরে দুইটি ম্যাচ জয়ের কৃতি গড়বেন লাল-সবুজের প্রতিনিধিরা।
টাইগ্রেস অধিনায়ক বলেন, ‘যদি ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং-সব বিভাগে একসঙ্গে অবদান রাখতে পারি, তাহলে যে কোনো দলকে হারানো সম্ভব। বাস্তবিকভাবে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, কম ভুল করতে চাই এবং আমাদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে চাই।’ পাকিস্তানের বিপক্ষে জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশের মতো দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে ইংলিশ মেয়েরাও। গুয়াহাটিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে হারায় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নামা প্রোটিয়া মেয়েদের মাত্র ৬৯ রানে অলআউট করে দেয় ইংলিশ বোলাররা। ৭০ রানের টার্গেট মাত্র ৮৫ বলেই স্পর্শ করে ফেলে ইংল্যান্ড। টি-২০তেও চারবারের দেখায় ইংলিশদের কাছে চারবার হেরেছে বাংলাদেশ।
আজ মঙ্গলবারের ম্যাচে ইংলিশরা ফেবারিট হলেও পাকিস্তানের বিপক্ষে জয় পেয়ে স্বাভাবিকভাবে চাঙ্গা রয়েছে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে আত্মবিশ্বাসী নিগার বাহিনী। পাকিস্তান ম্যাচের মতো বল হাতে মারুফা, নাহিদা, স্বর্ণা ও ব্যাট হাতে ঝিলেকরা জ্বলে উঠলেই তা সম্ভব হবে বলে সমর্থকদের আশা।
বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে সচেতন ইংলিশ শিবিরও। অলরাউন্ডার চার্লি ডিন বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে দারুণভাবে জিতে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। তাদের বোলিং আক্রমণ অসাধারণ, বিশেষ করে এই কন্ডিশনে। আমরা চেষ্টা করবো শুরুতেই মারুফার সুইং সামলাতে, এরপর স্পিনের বিপক্ষে লম্বা ইনিংস খেলতে।’
স্বদেশ প্রতিদিন/এমএম