প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১২:১১ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ‘জনগণ জুলাই সনদ নিজেই বাস্তবায়ন করে ফেলছে। জুলাই সনদটা বাস্তবায়নের দায়ভার এখন জনগণের হাতে পড়ছে গণভোটের মধ্য দিয়ে।’ তিনি বলেন, ‘আমরা ৮ মাস ধরে আলাপ করে এই গণভোটে একমত হতে পারলাম। ফলে এক দিনেই আবার গণভোটটা কবে হবে এ ব্যাপারে সবাই একমত হয়ে যাবে এটা আশা করা যায় না।’
সম্প্রতি দেশের একটি টেলিভিশনের টক শোতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দুটি মতামত; একটি হলো- ইলেকশনের দিন একই সঙ্গে গণভোট। জনগণ সরকার পরিচালনার জন্য মার্কায় সিল মারবে, যেটা সাধারণত তারা করে থাকে।’ দ্বিতীয়টি হলো- জুলাই সনদকে অনুমোদন করে কি করে না- হ্যাঁ, না ভোট আরেকটা ব্যালটের মধ্যে দেবে।’
এনসিপি এই নেতা আরও বলেন, ‘অন্যরা বলছে এটা আগে হওয়া উচিত নভেম্বর-ডিসেম্বরে। কারণ একই দিনে যদি হয় সাধারণ নির্বাচনের সঙ্গে, তাহলে- প্রথম ব্যালটটা সরকার পরিচালনার জন্য, মানুষ মার্কা দেখে অভ্যস্ত, ওইটাতে যে পরিমাণ ভোট পড়বে, আরেকটা হয়তো সে পরিমাণ গৌণ হয়ে যাবে। কিংবা সাধারণ নির্বাচনের দিন অন্যান্য নানা ধরনের টানাপড়েন বা টেনশনও তৈরি হতে পারে। গণভোট বা জুলাই সনদটাকে তার মধ্যে ফেলা উচিত হবে কি না এ রকম আশঙ্কা অনেকের মধ্যে আছে।’
তিনি নিজের মতামত তুলে ধরে বলেন,‘জুলাই সনদ নিয়ে গণভোট একটি টেকনিক্যাল বিষয়। দুই দিন আলাদা করে আয়োজন করা কিছুটা জটিল হতে পারে- এটা অনেকেই মনে করছেন। আমি বলছি না যে, সাধারণ নির্বাচনের দিনেই করলেই সবচেয়ে ভালো হবে, তবে সেদিন হলেও এটি থাকবে একটি আলাদা প্রক্রিয়া। বিষয়টি ধরেই নিতে হবে, গণভোটটি নির্বাচনের সঙ্গে যুক্ত নয়। এর ফলাফলের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সরাসরি সম্পর্ক নেই।’
স্বদেশ প্রতিদিন/এমএম