প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১০:৪৫ AM আপডেট: ০৭.১০.২০২৫ ১১:০৫ এএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সবশেষ হামলায় আরও কমপক্ষে ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে চলা এই হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ১৬০ জনে।
সোমবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
এতে বলা হয়, গাজায় দু’বছর ধরে চলা ইসরায়েলি বাহিনীর অভিযানে ৬৭ হাজার ১৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৬৯ হাজার ৬৭৯ জন ফিলিস্তিনি।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে আরও ২১ জনের মরদেহ আনা হয়েছে। এ সময়ে আহত হয়েছেন ৯৬ জন।
তবে আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মন্ত্রণালয়। তাদের মতে, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি যন্ত্রপাতির অভাব ও জনবল সংকটের কারণে।
এছাড়া মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ২ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে এ পর্যন্ত শুধু সহায়তা নিতে গিয়েই প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬১০ জন, আর আহত হয়েছেন ১৯ হাজার ১৪৩ জন।
এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল। তবুও থেমে নেই তাদের বর্বরতা। এ নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।
সূত্র: আনাদোলু
স্বদেশ প্রতিদিন/এমএম