প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১১:১৯ AM

বলিউডের ‘নবাব’ খ্যাত সাইফ আলি খান সবসময়ই নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে অকপটে কথা বলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরু, সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়া এবং পর্দায় স্ত্রী বা প্রেমিকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন এই অভিনেতা।
সাক্ষাৎকারে সাইফ বলেন, ‘প্রেমিকা বা বউয়ের সঙ্গে কাজ করা ভালো আইডিয়া না। এটা বাস্তবতা।’
তিনি ব্যাখ্যা করে বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে, নব্বইয়ের দশকে, অনেকেই তাকে ‘ভাগ্যবান’ মনে করতেন কারণ তিনি সহজেই সুযোগ পাচ্ছিলেন। কিন্তু তখন তিনি প্রধান চরিত্র বা মানসম্মত সিনেমা খুব একটা পাচ্ছিলেন না।’
তবে কাজ করতে করতে একটা বিষয় তিনি উপলব্ধি করেন- সেটে সহ-অভিনেত্রীর সঙ্গে সুস্থ প্রতিযোগিতা (হেলদি কম্পিটিশন) থাকলে তার অভিনয় আরও ভালো হয়। আর ঠিক এখানেই আসে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি।
‘যখন আপনার পাশে এমন কেউ থাকে যার সঙ্গে আপনি ঘর ভাগ করছেন, তখন সেই পেশাগত চাপ বা প্রতিযোগিতা থাকে না। সেটা অভিনয়ে প্রভাব ফেলে। তাই আমি মনে করি, প্রেমিকা বা স্ত্রীর সঙ্গে কাজ করাটা খুব ভালো আইডিয়া নয়’- বলেন সাইফ।
উল্লেখ্য, সাইফ আলি খান তার বর্তমান স্ত্রী কারিনা কাপুর খানের সঙ্গে ‘তাশান’, ‘কুরবান’, ‘এজেন্ট বিনোদ’ সহ বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। এছাড়া বিজ্ঞাপনেও একসঙ্গে দেখা গেছে তাদের। তবে সাইফ তার প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে কোনো সিনেমায় কাজ করেননি।
স্বদেশ প্রতিদিন/এমএম