প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৬:৩৫ পিএম আপডেট: ০৬.১০.২০২৫ ৭:১৯ PM

টাঙ্গাইলের ঘাটাইলে বজ্রপাতে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি তুলার কারখানা ও চারটি দোকান পুড়ে গেছে।
রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দিগড় ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের আমিনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ প্রবল বজ্রপাতের পর ফুলবাড়ী এলাকার আমিনবাজারে একটি তুলা কারখানায় আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন আশপাশের চারটি দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি ও বালু ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে ঘাটাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তুলার কারখানাসহ দোকানগুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ঘাটাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন কুমার দেবনাথ বলেন, “বজ্রপাতের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে কেউ হতাহত না হলেও মালিকদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে