প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৪:৪৭ পিএম আপডেট: ০৬.১০.২০২৫ ৪:৫২ PM

জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হলে নির্বাচন বিলম্বের যেকোনো আশঙ্কা এড়ানো সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘গুণ-মানসম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “নির্বাচন কোনো চ্যালেঞ্জ নয়, বরং যারা নির্বাচন বিলম্ব করতে চায় তারাই চ্যালেঞ্জ।”
অধ্যাদেশ জারির মাধ্যমে গণভোট আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনকে (ইসি) দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত বলে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।
এ সময় সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, সুবহে সাদিকের নেতৃত্বে ফ্যাসিবাদী গোষ্ঠীর মিছিল কিংবা দিল্লি ও ফ্রান্স থেকে পাঠানো বার্তা জনগণ গুরুত্ব দেয় না।
তিনি আরও যোগ করেন, “ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট থাকলে নির্বাচন নিয়ে কোনো সংকট সৃষ্টি হবে না।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ