প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৩:৫২ পিএম

সংগৃহীত ছবি
২০২৫ সালের নোবেল পুরস্কারের ঘোষণা শুরু হয়েছে। এর মধ্যে প্রথমেই ঘোষণা করা হয়েছে চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম। চলতি বছর চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি। তারা পেরিফেরাল ইমিউন টলারেন্স বিষয়ে যুগান্তকারী গবেষণার জন্য এ পুরস্কারে ভূষিত হয়েছেন।
গবেষণায় তারা দেখিয়েছেন, শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা (ইমিউন সিস্টেম) কীভাবে নিজস্ব উপাদান বা ক্ষতিকর নয় এমন বহিরাগত উপাদানের (যেমন খাদ্য উপাদান বা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া) বিরুদ্ধে অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া থেকে বিরত থাকে। এই প্রক্রিয়াকেই বলা হয় পেরিফেরাল ইমিউন টলারেন্স। এটি স্বয়ংক্রিয় রোগ (autoimmune diseases) প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশ সময় সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে আনুষ্ঠানিকভাবে এবারের চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
নোবেলজয়ী তিন বিজ্ঞানী পাবেন একটি স্বর্ণপদক, একটি সনদপত্র এবং মোট ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকা)। একাধিক বিজয়ীর ক্ষেত্রে এই অর্থ সমানভাবে ভাগ করা হবে।
প্রতি বছর চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি—এই ছয়টি ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার।
স্বদেশ প্রতিদিন/এনআর