প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৯:০৪ পিএম আপডেট: ০৫.১০.২০২৫ ৯:০৯ PM

মনপুরার মেঘনায় অভিযান পরিচালনা টিমের ওপর হামলা, আহত ২
মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় এক জেলে টলার আটকের ঘটনায় স্থানীয়রা অভিযান পরিচালনা টিমের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা করে। এতে অভিযান পরিচালনা টিমের দুই সদস্য আহত হয়।
পরে উপজেলা মৎস্য অফিসের অনুরোধে নৌ-বাহিনীর একটি দল ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং অভিযান পরিচালনা টিমের সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে।
এদিকে এ ঘটনায় এক জেলেসহ জাল ও নৌকা আটক করা হয় পরে মুচলেকা নিয়ে আটকৃত জেলেকে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন মনপুরা উপজেলা মৎস্য অফিসের অভিযান পরিচালানার দায়িত্বরত ক্ষেত্র সহকারি মো. মনির হোসেন। তবে ওই জেলের নৌকা ও জাল জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
গতকাল শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ভূইয়ার হাট সংলগ্ন সুইজগেট এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন অভিযান পরিচালনা নৌকার মাঝি শরিফুল ও শহিজল মাঝি।
আটকের পর মুচলকা নিয়ে ছেড়ে দেওয়া জেলে হলেন মো. ইউসুফ মাঝি। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর ফয়জৈদ্দিন এলাকার বাসিন্দা আবুল মালেক মাঝির ছেলে।
জানা যায়, শনিবার রাত ১০ টায় উপজেলার মাষ্টারহাট এলাকার পশ্চিম পাশের মেঘনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করছিল ইউসুফ মাঝি। এই সময় মেঘনায় উপজেলা মৎস্য অফিসের অভিযান পরিচালনাকারী একটি টিম ওই মাঝিকে ধাওয়া করে পরে ধাওয়াকৃত মাঝিকে হাজিরহাট ইউনিয়নের ভূইয়ারহাট সুইজ গেট এলাকায় আটক করে।
এসময় স্থানীয়রা একাত্রিত হয়ে অভিযান টিমের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা করে। এতে দুই সদস্য আহতসহ অভিযান টিমের ১৪ সদস্য অবরুদ্ধ হয়ে পড়ে। পরে উপজেলা মৎস্য অফিস থেকে নৌ-বাহিনীর সহযোগিতা চাওয়া হয়। নৌবাহিনীরা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে অবরুদ্ধ অভিযান পরিচালনা টিমের ১৪ সদস্যকে উদ্ধার করে। এ ঘটনায় ইউসুফ মাঝি ও তার নৌকা জাল আটক করা হয়। পরে ইউসুফ মাঝির কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় এক জেলের টলার আটকের ঘটনায় মেঘনায় অভিযান পরিচালনা করা টিমের ওপর ইট-পাটকেল ছুড়ে স্থানীয়রা হামলা করে। পরে নৌবাহিনীর সদস্যরা গিয়েপরিস্থিতি শান্ত করে টিমের সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে। তবে এই ঘটনায় থানায় কোন অভিযোগ করেনি মৎস্য অফিস।