প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৯:১২ পিএম

ফেনীর সোনাগাজীতে জোরপূর্বক মৎস্য প্রকল্প দখল, লুটপাট ও চাঁদাবাজির প্রতিবাদে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)-এর কাছে স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় মৎস্য প্রকল্প মালিক সমিতি। একইসঙ্গে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করেছে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে চরখোন্দকার ও দক্ষিণ চরখোন্দকার মৎস্য প্রকল্প মালিক সমিতির সদস্যরা জেলা প্রশাসক সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি একদল দুর্বৃত্ত জোরপূর্বক তাদের মৎস্য প্রকল্প দখল করে নিয়েছে। তারা বলেন, গত ৩০ অক্টোবর গভীর রাতে চরখোন্দকার এলাকায় এস্কেভেটর দিয়ে ছয়টি প্রকল্পের পাড় কেটে প্রায় পাঁচ কোটি টাকার মাছ লুট করে নেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয়রা এস্কেভেটরচালক অপু ও হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে তারা পুলিশের কাছে জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের দিয়ে প্রকল্পগুলোর পাড় কাটিয়েছে।
মৎস্য প্রকল্প মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটির পর তারা থানায় ছয়টি পৃথক অভিযোগ দায়ের করেছেন।
চরখোন্দকার মৎস্য খামার মালিক সমিতির সভাপতি শেখ রাসেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মৎস্য খামার মালিক সাইফুল ইসলাম, করিমুল হক, ইনামুল হক, মোমিন হোসেন, ইসমাইল হোসেন, আবু ইউসুফ, রহমত উল্লাহ ও সালাহ উদ্দিন প্রমুখ।
এর আগে গত ২ অক্টোবর একই দাবিতে তারা সোনাগাজী পৌর শহরের জিরোপয়েন্ট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন।
স্বদেশ প্রতিদিন/এনআর