প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৮:০১ পিএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দাদন (সুদ) ব্যবসায়ী আসাদুজ্জামান ওরফে বাবু’র কাছে বিপদে পড়েছেন দুই গৃহবধূ। নিরুপায় হয়ে তারা আলাদা আলাদা অভিযোগ দায়ের করেছেন আদিতমারী থানায়। অভিযোগ অনুযায়ী, আসাদুজ্জামান সাধারণ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে দাদন ব্যবসার সঙ্গে যুক্ত এবং চড়া সুদে অর্থ ধার দিয়ে লোকজনকে হয়রানি করছেন।
প্রথম ঘটনায়, জাহানুর বেগম তার ছেলের জন্য বিদেশ যাত্রার খরচ হিসেবে ২ লক্ষ টাকা ধার নেন। ১৮ মাস ধরে সুদ পরিশোধ করার পরও আসাদুজ্জামান মূল টাকা ফেরত দেওয়ার পরে ফাঁকা চেক ও জমির দলিল ফেরত দেয়নি এবং পরে ৮ লাখ ৭০ হাজার টাকা দাবি করে লিগ্যাল নোটিশ পাঠান।
দ্বিতীয় ঘটনায়, জাহানারা বেগম জরুরি চিকিৎসার জন্য ৬৫ হাজার টাকা ধার নেন। মাসে মাসে সুদ পরিশোধ করার পরও মূল টাকা পরিশোধের পর ফাঁকা চেক ও স্ট্যাম্প ফেরত দেয়নি। পরে ৩ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
স্থানীয়রা জানান, দুই গৃহবধূ দারিদ্র্যসীমার মধ্যে পড়া সাধারণ মানুষ, তারা ধারকৃত টাকা পরিশোধ করলেও চেক ও স্ট্যাম্প ফেরত না পেয়ে নানা ধরনের ভয়ভীতি ও হয়রানির শিকার হচ্ছেন। পূর্বেও এমন চাপের কারণে একজন মহিলা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
আসাদুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি আইনের আশ্রয় নিয়েছি। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”
আদিতমারী থানার ওসি আলী আকবর জানান, দাদন ব্যবসা বেআইনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ