প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৬:২৯ AM

হিন্দি ও মারাঠি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সন্ধ্যা শান্তরাম আর নেই। শনিবার (৪ অক্টোবর) ৯৪ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই প্রবাদপ্রতিম অভিনেত্রী।
সন্ধ্যা শান্তরাম ছিলেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ভি শান্তরামের স্ত্রী এবং তাঁর পরিচালিত বহু ছবিতে তিনি নিজের অসাধারণ অভিনয় ও নৃত্যশৈলীর মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বহু বিশিষ্ট ব্যক্তি। মহারাষ্ট্রের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আশিস শেলার সামাজিক মাধ্যমে এক পোস্টে লেখেন:- ‘আন্তরিক শ্রদ্ধাঞ্জলি! 'পিঞ্জরা' সিনেমার প্রখ্যাত অভিনেত্রী সন্ধ্যা শান্তরামজির প্রয়াণ অত্যন্ত দুঃখজনক। হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে তাঁর অদ্বিতীয় অভিনয় ও নৃত্যশৈলী এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল। তাঁর ঝনক ঝনক পায়েল বাজে, দো আঁখেন বারাহ হাত ও পিঞ্জরা ছবির অভিনয় দর্শকদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। ঈশ্বর তাঁর আত্মার চিরশান্তি দান করুন।’
ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই তাক জানিয়েছে, সন্ধ্যার মরদেহ মুম্বাইয়ের রাজকমল স্টুডিও থেকে নিয়ে যাওয়া হবে এবং শিবাজি পার্কের বৈকুণ্ঠধামে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৫১ সালে মারাঠি চলচ্চিত্র ‘ভূপালী’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে সন্ধ্যা শান্তরামের। তবে তাঁর বড় ব্রেক আসে ১৯৫৫ সালে মুক্তিপ্রাপ্ত সঙ্গীতনির্ভর চলচ্চিত্র ‘ঝনক ঝনক পায়েল বাজে’-এর মাধ্যমে, যেখানে তিনি একজন প্রশিক্ষিত কথক নৃত্যশিল্পী হিসেবে অসামান্য অভিনয় করেন।
এরপর একের পর এক স্মরণীয় চলচ্চিত্রে তিনি অভিনয় করেন-‘দো আঁখেন বারাহ হাত’, ‘নাভারং’, ‘সেহরা’, ‘পিঞ্জরা’।
প্রতিটি চলচ্চিত্রেই সন্ধ্যা তাঁর অভিনয় ও নৃত্যশৈলীর মাধ্যমে নিজেকে ভিন্ন উচ্চতায় প্রতিষ্ঠিত করেন। বিশেষ করে ‘পিঞ্জরা’ চলচ্চিত্রে তাঁর অভিনয় আজও মারাঠি চলচ্চিত্র ইতিহাসে অন্যতম উজ্জ্বল অধ্যায় হিসেবে গণ্য হয়।
দর্শকদের হৃদয়ে গভীর ছাপ রেখে আজ না ফেরার দেশে পাড়ি জমালেন সন্ধ্যা শান্তরাম। তাঁর অবদান ভারতীয় চলচ্চিত্রে চিরস্মরণীয় হয়ে থাকবে। চলচ্চিত্র জগৎ হারালো এক কালজয়ী শিল্পীকে।
স্বদেশ প্রতিদিন/এমএম