প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৫:০৫ AM

যশোর শহরের কারবালা রোড এলাকায় এস, এইচ, বিল্ডার্স নামের একটি ডেভেলপার কোম্পানির নিজস্ব ফ্ল্যাট দখল করে মালামাল লুট ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এস এম রফিকুল ইসলাম হীরক এ বিষয়ে ২৫ সেপ্টেম্বর যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে হীরক উল্লেখ করেন, তিনি পানি উন্নয়ন বোর্ডের সামনের এলাকায় নিজস্ব অর্থায়নে একটি আটতলা ভবন নির্মাণ করেন। ভবনটির ষষ্ঠ তলায় রয়েছে তার ব্যক্তিগত ফ্ল্যাট। গত ১১ সেপ্টেম্বর স্থানীয় তাসলিমা হাসান, তার ছেলে মেহরব, ফেন্সি হাসান ও জিসান ফ্ল্যাটটির তালা ভেঙে জোরপূর্বক দখল করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া হীরক দাবি করেন, এর আগেও গত ৪ মে উক্ত চক্রটি ওই ফ্ল্যাটে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। বর্তমানে তারা সন্ত্রাসীদের ব্যবহার করে ফ্ল্যাটটি দখল করে রেখেছে এবং ডেভেলপারের মালামাল লুট করছে। একইসাথে তাকে এবং তার মা দিলারা ইসলাম-কে হত্যার হুমকি দিচ্ছে বলেও অভিযোগে জানানো হয়েছে।
রফিকুল ইসলাম হীরক থানায় দায়ের করা অভিযোগে নিজের ও মায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা না রেখে তারা প্রকাশ্যে আমাদের মালামাল লুট করছে এবং অবৈধভাবে দখল কার্যক্রম চালাচ্ছে।’
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার একজন তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং অনেকেই প্রকাশ্যে দখলদারদের বিচার দাবি করছেন।
স্বদেশ প্রতিদিন/এমএম