প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৯:৪৯ পিএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সমূর্ত জাহান মহিলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে আর্থিক অনিয়মের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ।
অভ্যন্তরীণ অডিটে অনিয়মের প্রমাণ পাওয়ার পর গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়।
কলেজ সূত্রে জানা গেছে, ওই শিক্ষকের বিরুদ্ধে ৩১ লাখ ৫ হাজার ২২৩ টাকা আর্থিক দায় প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। বিষয়টি প্রথমে কলেজের অভ্যন্তরীণ অডিট রিপোর্টে উঠে আসে। পরবর্তীতে বিধি মোতাবেক তাকে প্রথম, দ্বিতীয় ও চূড়ান্ত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
তবে ওই শিক্ষক কলেজ কর্তৃপক্ষকে দায়ের অর্থ জমা না দিয়ে শুধু দায়সারা জবাব দেন, যা গভর্নিং বডির একাধিক সভায় ‘অসন্তোষজনক’ বলে বিবেচিত হয়।
এ প্রেক্ষিতে কলেজ গভর্নিং বডির ২৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ১১৪তম সভায়, দ্বিতীয় এজেন্ডায় বিষয়টি উত্থাপন করা হয়। দীর্ঘ আলোচনার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলী রেগুলেশন (সংশোধিত) ২০১৯-এর উপধারা ১৭(ক)৩, ৫, ৬ ও ৭ অনুযায়ী তাকে সহকারী অধ্যাপক পদ থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
পরবর্তীতে কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম. আনোয়ারুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সংশ্লিষ্ট শিক্ষকের কর্মপরিধি ও আর্থিক সুবিধা নির্ধারিত থাকবে।
চিঠিটি ১৭ সেপ্টেম্বর জারি করা হয়। এতে স্বাক্ষর করেন কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. মাজেদা বেগম এবং প্রতি-স্বাক্ষর করেন গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম. আনোয়ারুল ইসলাম। বিজ্ঞপ্তির অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।
ঘটনার পর কলেজ ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্ত কলেজের ভাবমূর্তি রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
কলেজের একজন জ্যেষ্ঠ শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যে কোনো অনিয়ম বা দুর্নীতি শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর। গভর্নিং বডির এ পদক্ষেপ কলেজকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সহায়তা করবে।”
স্বদেশ প্রতিদিন/এনআর