প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৭:২৯ পিএম আপডেট: ০৪.১০.২০২৫ ৭:৪২ PM

রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম (এনডিসি) বলেছেন, “হিলি স্থলবন্দর দেশের রাজস্ব খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে কেবল আমদানির ওপর নির্ভর না করে রপ্তানি বাড়ানোর দিকেও গুরুত্ব দিতে হবে। সময়ের দাবি হলো, স্থানীয় উৎপাদন বাড়িয়ে বৈদেশিক বাজারে প্রবেশ নিশ্চিত করা।”
শনিবার (৪ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর, ইমিগ্রেশন চেকপোস্ট, জিরোপয়েন্ট এবং উপজেলা প্রশাসন কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “দুর্গাপূজা উপলক্ষে ছয় দিনের ছুটি শেষে হিলি বন্দরে আজ থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দর ঘুরে দেখে খুব ভালো লেগেছে। এ বন্দর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি হচ্ছে, যা দেশের অর্থনীতিকে সচল রাখছে। কিন্তু রপ্তানির হার বাড়াতে না পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।”
বিভাগীয় কমিশনার আরও জানান, হিলি বন্দরকে আধুনিকায়নের পরিকল্পনা সরকারের রয়েছে। রপ্তানি বাড়াতে স্থানীয় উৎপাদন বাড়াতে হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের জন্য নতুন নতুন বাজার তৈরি করতে হবে।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন তার স্ত্রী অতিরিক্ত সচিব মোছা. হুমায়েরা বেগম, ব্যক্তিগত সহকারী মো. রেজাউল করিম, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদ রানা এবং স্থানীয় বন্দর ব্যবসায়ীরা।
বন্দর পরিদর্শনকালে কমিশনার আমদানি-রপ্তানি কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন। এছাড়াও তিনি স্থানীয় প্রশাসনকে বন্দর এলাকার শৃঙ্খলা, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশনা দেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে