প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১০:৩৭ AM

প্রতীকী ছবি
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নেয়ার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকায়ও মুষলধারে বৃষ্টি শুরু হয়।
শুক্রবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে শুরু হয়ে সকাল ৮টার পরও বৃষ্টি চলছিল। বৃষ্টির কারণে রাজধানীর বহু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষত নিচু সড়কগুলো পানিতে তলিয়ে যায়, ফলে যানবাহন ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে। তবে ছুটির দিন হওয়ায় রাস্তায় মানুষের উপস্থিতি তুলনামূলক কম ছিল।
এর আগে আবহাওয়া অফিস দেশের আটটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছিল। একইসঙ্গে বৃষ্টিজনিত ভূমিধস ও জলাবদ্ধতার আশঙ্কার কথাও জানানো হয়। সতর্কবার্তায় আরও বলা হয়, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং ঢাকাসহ বড় শহরগুলোতে অস্থায়ী জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে।
এ ছাড়া নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্র ও সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে যাওয়া জেলে ও মাঝিদের নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।
উল্লেখ্য, নিম্নচাপটি বাংলাদেশ উপকূল অতিক্রম করার পর বর্তমানে ভারতের ওড়িশা উপকূলে অবস্থান করছে।
স্বদেশ প্রতিদিন/শাহো