প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১:০৯ AM

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে খাদ্যে বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটির দাবি, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পর আসাদকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
প্রতিবেদনে বলা হয়, প্রায় ১০ মাস আগে আহমেদ আল সারার নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন আসাদ। এরপর তিনি রাশিয়ার মস্কোতে পালিয়ে গিয়ে রাজনৈতিক আশ্রয় পান। সংস্থাটি মনে করছে, এই হত্যাচেষ্টা রাশিয়া সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে করা হয়েছিল।
চিকিৎসাধীন অবস্থায় আসাদের ভাই মাহের আসাদকে হাসপাতালে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল বলেও জানানো হয়। তবে রাশিয়ার পক্ষ থেকে এ ঘটনার বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগেও গুঞ্জন উঠেছিল, গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সিরিয়ার নতুন সরকার রাশিয়ার কাছে আসাদকে ফেরত চাইলে মস্কো সেই দাবি প্রত্যাখ্যান করে। ২০২৪ সালের ৮ ডিসেম্বর থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রত্যক্ষ নিরাপত্তায় আছেন তিনি। পুতিন ব্যক্তিগতভাবে আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দেন।
৬০ বছর বয়সী আসাদকে রাশিয়ায় আশ্রয় নেওয়ার পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি রুশ সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের নজরদারিতে অবস্থান করছেন। এর আগেও “জেনারেল এসভিআর” নামে রাশিয়ার সাবেক এক গোয়েন্দা পরিচালিত একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে দাবি করা হয়েছিল, তাকে হত্যার উদ্দেশ্যে বিষপ্রয়োগ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ