প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১:১৬ AM

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘শক্তি’ আজ (বৃহস্পতিবার) রাতেই ভারতের অন্ধ্র প্রদেশ ও ওড়িশার উপকূলে আঘাত হানতে পারে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আমেরিকার নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের আজ (২ অক্টোবর) সকাল ৯টায় প্রকাশিত বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের পূর্ব দিকে এবং কলকাতা শহর থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এটি অবস্থান করছে।
ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার, যা দমকা হাওয়াসহ ঘণ্টায় ৮৩ কিলোমিটার পর্যন্ত বয়ে যেতে পারে। আজ রাতের মধ্যে ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশ ও ওড়িশার মধ্যবর্তী উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। তবে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এখনও এটিকে ‘গভীর নিম্নচাপ’ হিসেবে বিবেচনা করছে।
বাংলাদেশে সরাসরি আঘাত না এলেও এর প্রভাবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এটি বর্ষা মৌসুম চলাকালীন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়া এক বিরল ঘটনা। সাধারণত বর্ষা শেষ না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় তৈরি হয় না, তাই বর্ষা চলাকালীন ঘূর্ণিঝড় ‘শক্তি’র সৃষ্টি বিশেষভাবে নজরকাড়া ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ