প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৭:১১ পিএম

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় মাত্র ১২০ টাকা অনলাইন আবেদন ফি দিয়ে কোনো প্রকার ঘুষ বা তদবির ছাড়াই বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ১০ জন তরুণ। সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধা-ভিত্তিক প্রক্রিয়ায় তারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) মীরসরাই থানা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্তদের হাতে যোগদানের চিঠি তুলে দেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
নিয়োগপ্রাপ্তরা হলেন, শাখাওয়াত হোসেন, হৃদয় বড়ুয়া, আবরার ফয়সাল আবির, ওমর ফারুখ, মো. আরিফুল হাসান নয়ন, প্রীতম চন্দ্র নাথ, মো. শাহরিয়ার নাজিম, মো. ইবনে মাহির, সরোয়ার হোসেন এবং মোহাম্মদ নুরুল আজাদ জিসান।
নিয়োগ পাওয়া প্রীতম চন্দ্র নাথ ও মো. শাহরিয়ার নাজিম জানান, পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে স্থানীয় একটি কম্পিউটার দোকান থেকে অনলাইনে আবেদন করেন তারা। মাত্র ১২০ টাকা খরচে এমন একটি স্বপ্ন পূরণ হবে, তা ভাবেননি কখনো।
তারা বলেন, “আগে শুনতাম পুলিশে চাকরি পেতে অনেক লেনদেন লাগে। কিন্তু আমরা কোনো ঝামেলা বা সুপারিশ ছাড়াই চাকরি পেয়েছি। এটা আমাদের জীবনের এক বড় অর্জন।”
ওসি আতিকুর রহমান বলেন, “এবারের পুলিশ নিয়োগ প্রক্রিয়া ছিল একেবারেই স্বচ্ছ ও নিরপেক্ষ। এই সফলতা শুধু নিয়োগপ্রাপ্ত তরুণদের নয়, মীরসরাইবাসীর জন্যও একটি আনন্দের খবর। আমি আশা করি, তারা নিজেদের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে