প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৬:৩৫ AM

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণ ও দমকা ঝড়ো হাওয়ার আশঙ্কা সত্ত্বেও কক্সবাজারে ছুটির আমেজে লাখো পর্যটকের ভিড় নেমেছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুরু হওয়া টানা ছুটি কাজে লাগিয়ে বুধবার থেকে শহরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
হোটেল, মোটেল ও রিসোর্ট মালিক সমিতির তথ্য অনুযায়ী, কক্সবাজার শহরের প্রায় পাঁচ শতাধিক আবাসিক প্রতিষ্ঠানে রুম ফাঁকা নেই। সৈকতের সুগন্ধা, লাবণী, শৈবাল ও কলাতলী পয়েন্টে বৃষ্টির মাঝেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এক শিক্ষার্থী জানান, প্রতিমা বিসর্জনের বৃহৎ আয়োজন দেখার জন্যও তারা কক্সবাজারে এসেছেন এবং বৃষ্টির আবহ তাদের ভ্রমণে বাড়তি আনন্দ যোগ করেছে।
এদিকে পর্যটকদের স্রোতে চাঙ্গা হয়ে উঠেছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য। বার্মিজ মার্কেটের ব্যবসায়ীরা জানাচ্ছেন, শুটকিসহ বিভিন্ন পণ্যের বিক্রি বেড়েছে। মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানিয়েছেন, সব হোটেল অগ্রিম বুকড হয়ে গেছে এবং ধারণা করা হচ্ছে পর্যটকের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যেতে পারে। একইসঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় রোধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আগামী বৃহস্পতিবার (৩ অক্টোবর) কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় প্রতিমা বিসর্জন অনুষ্ঠান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুত রয়েছে এবং অতিরিক্ত অর্থ আদায় ঠেকাতে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ