প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৪:২৭ AM

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য বেড়েছে। ফলে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে রূপ নিতে পারে।
এ সময় উপকূলীয় এলাকায় যেকোনো সময়ে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। বুধবার (১ অক্টোবর) বেলা ১১টা থেকে পটুয়াখালীর বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে এবং নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে।
নিম্নচাপের প্রভাবে সাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানিয়েছেন, উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এবং দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ