প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৮:২১ পিএম

সংগৃহীত ছবি
নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ ছিলেন। তিনি গত ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। আজ নিসচা আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁর ছেলে মিরাজুল মইন জয় কানাডা থেকে ভার্চুয়ালি এই তথ্য জানান।
মিরাজুল মইন বলেন, আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। চিকিৎসা এখনও চলমান। এ বছরের শুরুতে তিনি নানা শারীরিক সমস্যার মুখোমুখি হন। অবস্থা ক্রমেই খারাপ হওয়ায় পরিবারের সদস্যরা গত ৯ এপ্রিল তাকে ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ণ হাসপাতালে নিয়ে যান।
প্রায় ছয় ঘণ্টা পরীক্ষা-নিরীক্ষার পর তার মাথার এমআরআই করা হয়। দুই দিন পর রিপোর্টে জানা যায়, তার মস্তিষ্কে টিউমার রয়েছে। আগে থেকেই তিনি কথা বলতে গিয়ে আটকে যেতেন এবং অনেক কিছু মনে রাখতে কষ্ট হতো। এমআরআই রিপোর্টে দেখা গেছে, এসব সমস্যা টিউমারের কারণে। এরপর ১৩ এপ্রিল রিপোর্ট নিয়ে তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্সে ভর্তি করা হয়।
সেখানে ডাক্তারগণ একটি বোর্ড গঠন করে মতামত দেন যে টিউমারটি ব্রেনের গভীর গুরুত্বপূর্ণ নার্ভ সংযোগস্থলে অবস্থান করছে, তাই অপারেশন খুবই ঝুঁকিপূর্ণ। এরপর পরিবারের সিদ্ধান্ত হয়, দ্রুত লন্ডনে নিয়ে চিকিৎসা করানো। ২৬ এপ্রিল তিনি ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন।
লন্ডনে পৌঁছানোর পরই হারলি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জারি বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা শুরু হয়। তিন মাসের পরীক্ষা-নিরীক্ষার পর ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে অপারেশন করা হয়। ডাক্তাররা জানিয়েছেন, পুরো টিউমার অপসারণ করা সম্ভব নয়, কারণ এতে জীবনহানি, প্যারালাইসিস এবং চলনশক্তি ও কথা বলার ক্ষমতা হারানোর সম্ভাবনা রয়েছে।
পরিবারের অনুমতিতে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়। বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে। মোট ৩০ দিন এই চিকিৎসা চলবে, সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ পর্যন্ত। এরপর চার সপ্তাহ ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন।