প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ২:০৯ পিএম

ঢাকার সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।
প্রায় এক ঘণ্টা ধরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে মহাসড়কের দুপাশে অন্তত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাজফুলবাড়িয়া এলাকায় পানি জমে যায়। এতে সড়ক তো বটেই, আশপাশের অনেক বাড়ি-ঘরেও পানি ঢুকে পড়ে। ফলে পরিবার-পরিজন নিয়ে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে। তারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি সমাধানের দাবি জানান।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ জানান, মঙ্গলবার রাতের বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হলে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী সড়ক অবরোধ করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় ভোগান্তিতে পড়েন যাত্রীরা এবং যানবাহন চালকরা। তবে বিক্ষোভ শেষে আবার স্বাভাবিক হয় যান চলাচল। স্থানীয়রা জানান, দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে আরও বড় আন্দোলনে যাবেন তারা।
স্বদেশ প্রতিদিন/এমএম